ফুটবলের সম্ভাব্য সব
শিরোপাই তো জেতা হয়ে গেছে ব্রাজিলের। কিন্তু এমন গৌরবে কাঁটা হয়ে আছে
অলিম্পিক। মঞ্চ যখন পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ, তখনই হাহাকার ঘিরে ধরে
ব্রাজিলকে। একমাত্র অলিম্পিকটাই অধরা আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের
কাছে।
দেশের মাটিতে অলিম্পিকে যেকোনো মূল্যেই সেই আক্ষেপ ঘোচাতে চায়
ব্রাজিল।
সে জন্য দলের সেরা তারকা নেইমারকে কোপা আমেরিকায় না খেলিয়ে
রেখে দেওয়া হয়েছে অলিম্পিকের জন্য। এ নিয়ে দ্বিতীয়বার অলিম্পিকে খেলতে
যাচ্ছেন নেইমার। ২০১২ লন্ডন অলিম্পিকেও সোনার স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিলেন
নেইমার। কিন্তু সেবার মেক্সিকোর কাছে ফাইনালে হেরে যাওয়ায় রুপাতেই সন্তুষ্ট
থাকতে হয় তাঁকে। নেইমারের আগে দুবার অলিম্পিক খেলেছেন রোনালদিনহোও। কিন্তু
তাঁর গলায়ও ওঠেনি সোনার পদক।
দেশকে প্রথমবারের মতো অলিম্পিক সোনা কি এনে দিতে পারবেন
নেইমার? নাকি তাঁকেও রোনালদিনহোর ভাগ্য বরণ করতে হবে! তবে সঙ্গী-সাথি
কিন্তু ভালোই পেয়েছেন নেইমার। দলে আছেন বার্সা সতীর্থ রাফিনহা আলকানতারা।
ভাই থিয়াগো স্পেনের হয়ে গেলেও জাতীয় দল হিসেবে বাবার দেশকেই পছন্দ এই
মিডফিল্ডারের। দলে আরও আছেন ফেলিপে অ্যান্ডারসন ও রেনাতো অগুস্তো। আর
রক্ষণে আছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের মারকুইনহোস।
নেইমারের স্ট্রাইকিং সঙ্গী হিসেবে ১৮ জনের দলে আছেন
ব্রাজিলের নতুন আলোড়ন দুই গ্যাব্রিয়েল। কোপা আমেরিকায় সান্তোসের ‘গাবিগোল’
গ্যাব্রিয়েল বারবোসার দেখা মিলেছে, এবার অলিম্পিকে দেখা যাবে পালমেইরাসের
গ্যাব্রিয়েল হেসুসকেও।

0 comments:
Post a Comment