Online Earn

Saturday, July 16, 2016

মেসির জন্য প্রচারে নেমে পাল্টা চাপে বার্সেলোনা .

আয়কর নিয়ে বিতর্কে লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে প্রচার-অভিযানে নেমে উল্টে সমালোচনাই ডেকে এনেছে তাঁর ক্লাব বার্সেলোনা। আদালত মেসিকে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে। সঙ্গে বিশাল অঙ্কের জরিমানাও করা হয়েছে

আয়কর নিয়ে বিতর্কে লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে প্রচার-অভিযানে নেমে উল্টে সমালোচনাই ডেকে এনেছে তাঁর ক্লাব বার্সেলোনা। আদালত মেসিকে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে। সঙ্গে বিশাল অঙ্কের জরিমানাও করা হয়েছে।
যদিও মেসি এবং তাঁর বাবাকে জেল খাটতে হয়তো হবে না। স্পেনের আইন অনুযায়ী, ফৌজদারি মামলা বাদ দিয়ে দু’বছরের কম কারাদণ্ড হলে হাজতবাস এড়ানো যেতে পারে। বার্সেলোনা এবং আর্জেন্তিনারই আর এক ফুটবলার হাভিয়ার মাসচেরানোও একইভাবে কর ফাঁকি দেওয়ার অভিযোগে হাজতবাসের দণ্ডাদেশ পেয়েছিলেন। কিন্তু মাসচেরানোকে জেলে যেতে হয়নি। মনে করা হচ্ছে, মেসি এবং তাঁর বাবাও তাই হাজতবাস থেকে রেহাই পাবেন।
কিন্তু মেসিকে নিয়ে বিতর্ক থামছে না। বার্সেলোনা তাদের ওয়েবসাইটে ‘উই আর অল লিও মেসি’ বলে একটি প্রচার শুরু করেছে। যেখানে আদালতের রায়কে অযৌক্তিক আখ্যা দিয়ে ক্লাবের পক্ষ থেকে ভক্তদের কাছে আবেদন রাখা হয়েছে, মেসির পাশে দাঁড়ানোর। ফুটবলভক্তরা কেউ কেউ সমর্থনও জানাচ্ছেন।
কিন্তু স্পেনেই অনেকে পাল্টা প্রশ্ন তুলেছেন, এই ধরনের প্রচার নিয়ে। স্পেনে খেলাধুলো তদারকির জন্য হাই কাউন্সিল রয়েছে। তারা সরকারি সংস্থা। সেই সংস্থার প্রেসিডেন্ট মিগেল কার্দেনাল বলেছেন, এরকম প্রচারে নেমে বার্সেলোনা ভুল করেছে। সাংবাদিকদের মিগেল বলেছেন যে, স্পেনে আইন অনুযায়ী মেসি নিজে উচ্চতর আদালতে আবেদন করতে পারেন। তিনি সেটা করছেনও। এর জন্য ক্লাবের প্রচারে নামার কোনও প্রয়োজন ছিল না।
‘‘আমাদের দেশে প্রত্যেকের সুরক্ষার বিষয়টিই দেখা হয়। স্পেনের সিস্টেম নিয়ে মেসির খুশিই থাকা উচিত,’’ বলেছেন মিগুয়েল। ট্যাক্স ইন্সপেক্টরদের সংস্থার প্রেসিডেন্ট কার্লোস ক্রুজাদোও মেসি ও বার্সেলোনার সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, বার্সেলোনা এবং তাদের তারকা ফুটবলারের উচিত ছিল আদালতের রায় মেনে অধ্যায়টিকে শেষ করে দেওয়া।
কার্লোস তাঁর বিবৃতিতে মেসি এবং বার্সেলোনাকে পাল্টা আক্রমণ করে বলেছেন, ‘তারকা হিসাবে মেসির উচিত উদাহরণ তৈরি করা। বার্সেলোনার মতো সারা বিশ্বে পরিচিত একটি ক্লাবের দায়িত্ব নাগরিকদের মনে করিয়ে দেওয়া যে, আমাদের সকলেরই আয়কর দেওয়া উচিত। নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা না করে ওরা ভুলের স্বপক্ষে প্রচারে নামল!’
আয়কর-মামলায় মেসির প্রতি সমর্থন দেখানোর জন্য বার্সেলোনার পক্ষ থেকে ভক্তদের একটি বিশেষ ছবি পোস্ট করতে বলা হয়েছে। হাত দু’টিকে ছড়িয়ে যেন মেসিকে আলিঙ্গন করার চেষ্টা। যাতে বোঝানো যায়, মেসি আমরা তোমাকে ভালবাসি। বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তুমেউ টুইটারে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘লিও তোমাকে যারা আক্রমণ করছে, তারা বার্সা এবং ক্লাবের সুদীর্ঘ ইতিহাসকে আক্রমণ করছে। আমরা তোমার পাশে শেষ পর্যন্ত আছি। আমরা চিরকালের সঙ্গী’।
তাঁর এই বার্তাও স্পেনের সরকারিমহলে খুব ভালভাবে কেউ নেননি। ওদিকে বার্সার পাল্টা অভিযানও শুরু হয়ে গিয়েছে ইন্টারনেটে। যার নাম দেওয়া হয়েছে ‘আই অ্যাম নট লিও মেসি’। ইপিএলের কয়েকটি ক্লাবের সঙ্গেও মেসির নাম জড়াতে শুরু করেছে। জল্পনা চলছে, স্পেনের কর-বিতর্কে ক্ষুব্ধ মেসি বার্সেলোনা ছেড়ে চলে যেতে পারেন চেলসির মতো কোনও ক্লাবে। চেলসির মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে মেসির বাবা গোপন বৈঠক করেছেন, এমন দাবিও করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
এমন সম্ভাবনা তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে লা লিগা সংস্থাও। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেবাস মেদরানো বিবৃতি দিয়ে বলেছেন, ‘মেসি কোনও ক্রিমিনাল নয়। আমার সঙ্গে ওর কথা হয়েছে। আমি খুব খুশি জেনে যে, ও লা লিগাতেই থাকবে।’’ সত্যিই থাকবেন?

0 comments: